জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার-লাইব্রেরি ‘যৌবনের গান’-এ ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এ কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। কবি নজরুলের কারণে বাংলাদেশ বিশ্বে আলাদাভাবে পরিচিত হয়েছে। কবি নজরুলের কর্ম ও সাহিত্য প্রচার-প্রসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। আর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এ ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছে।”
তিনি আরো বলেন, “নজরুল কর্নার’-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি নজরুলের সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে পারবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে বইয়ের সংখ্যা ও একই বইয়ের একাধিক কপি বাড়ানো প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী, সহকারী পরিচালক মো. ফখরুল আলম, অনুষ্ঠান সংগঠক মো. আব্দুস সালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. পারভীন আক্তার জেমী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, প্রফেসর ড. মার্জিয়া আক্তার, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, সহকারী অধ্যাপক তানিয়া আক্তার, প্রভাষক জুয়েনা জাহান এ্যানি এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার-লাইব্রেরির ‘নজরুল কর্নার’ উদ্বোধনের মাধ্যমে সেখানে কবি কাজী নজরুল ইসলামের রচিত ১০০টি বই সংযোজন করা হয়েছে। এসব বইয়ের বড় অংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রদান করেছে। বাকি বইগুলো বিভাগ নিজস্ব উদ্যোগে ক্রয় করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









