জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় জাতীয় মৎস্য পক্ষ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলমাস আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় স্থানীয় মৎস্যচাষি, ফিডমিল ডিরেক্টর এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









