মাদারীপুরের শিবচরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন কথিত মাদক কারবারি পালিয়ে যায়।
সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার ডি.সি. রোড সংলগ্ন পশু হাসপাতাল এলাকার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শিবচর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিদ মোরশেদ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আনু বেগম (৬০), স্বামী-জালাল কাজী এবং জান্নাত আক্তার (৩৫), স্বামী-খোকন বেপারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় জালাল কাজী (৬০), পিতা-মৃত মমিন উদ্দিন কাজী এবং খোকন বেপারী (৪০), পিতা- মৃত খালেক বেপারী পালিয়ে যান। প্রাথমিক তদন্তে তারাও এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









