ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে আহত যুবক সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
স্থানীয় ও বিজিবির সূত্রে জানা যায়, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে অবস্থান করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন। পরে রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
তিনি দাবি করেন, সোমবার রাতে আমার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









