‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজিত বিশাল গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড বাজারের ১ নম্বর গেট থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট, পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলজুড়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম খান।
সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।
গণমিছিল ও সমাবেশে ঈশ্বরদী উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









