রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সরবরাহ কার্যক্রম ডিসেম্বরের শেষ নাগাদ শেষ করার পরিকল্পনা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে।
এর আগে ২০২৩ সালে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।
রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সম্প্রতি জ্বালানিবাহী ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়।
রোসাটম নতুন করে পরিবর্তিত সময়সূচি নিশ্চিত করেছে এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদেরও জানিয়েছে। সেই সূচি অনুযায়ী, অক্টোবর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হওয়ার কথা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









