মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির বিষয়ে আলোচনা হয়। এ সময় কয়েকজন সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি। অন্যদিকে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। এ ক্ষেত্রে ২০০৬ সাল পর্যন্ত থাকা তালিকা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ উদ্যোগ এবং বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান এবং রোকেয়া বেগম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









