আসন্ন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। তিনি বলেন, “ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।”
সম্প্রতি ভারতের পাটনায় সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।
সানি দেওল বলেন, “দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের মানুষের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও আত্মীয়তার বন্ধন ছিল। সেই সম্পর্কের প্রতিফলনই ধর্মেন্দ্রর ওই বক্তব্যে ফুটে উঠেছে।
তিনি বলেন, “দুই দেশের মানুষ নানা দিক থেকেই একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থাকার কথাও উল্লেখ করেন এই অভিনেতা।
তিনি বলেন, “একজন শিল্পীর দায়িত্ব রাজনীতি করা নয়, বরং গল্পকে পর্দায় জীবন্ত করে তোলা। একটি গল্প নির্বাচন করে সেটি দর্শকের সামনে তুলে ধরাই শিল্পীদের কাজ। সেই গল্পকে রাজনৈতিক বিতর্কে জড়ানো তাদের উদ্দেশ্য নয়। দেশভাগ নানা জটিল বাস্তবতার জন্ম দিলেও শিল্পের মূল শক্তি মানবিক অনুভূতি ও মানুষের গল্প তুলে ধরা।
সানি দেওলের নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে লেখক আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’র কাহিনি অবলম্বনে।

১৯৪৭ সালের দেশভাগকে পটভূমি করে নির্মিত এ চলচ্চিত্রে দেখানো হয়েছে, একটি মুসলিম পরিবার লাহোরে একটি হাভেলি বরাদ্দ পায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, এক বৃদ্ধা হিন্দু বিধবা এখনও সেই বাড়িতে বসবাস করছেন এবং কোনোভাবেই নিজের ভিটেমাটি ছেড়ে যেতে রাজি নন। এই মানবিক টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।
চলচ্চিত্রটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং।
আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ দিকে, পাটনায় প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলের ‘ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









