জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচারই ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘‘গণআন্দোলনের মুখে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, তেমনি জনগণের দাবিকে উপেক্ষা করলে যে কোনো ‘নব্য স্বৈরাচার’ একই পরিণতির মুখোমুখি হবে।’’
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল নগর ভবনের সামনে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মাওলানা বাবর বলেন, ‘‘জনগণকে ভয় দেখিয়ে বা দমন-পীড়নের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। সন্ত্রাস ও দমননীতি অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নামবে এবং সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করবে।’’
তিনি অভিযোগ করেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনের শক্তিকে অবমূল্যায়ন করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।’’ একই ভুল বর্তমান সরকারও করছে বলে দাবি করে তিনি বলেন, ‘‘জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এখন সেই অঙ্গীকার থেকে সরে আসা হচ্ছে।’’
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের ৩১টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই সনদ প্রণয়ন করা হয়েছিল এবং জনগণও সেটিকে সমর্থন দিয়েছিল। কিন্তু বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ উঠে আসছে।’’ বিশেষ করে সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে মাওলানা বাবর বলেন, ‘‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এই সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে।’’
বরিশালের সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বরিশাল সবসময় শান্তিপূর্ণ শহর হিসেবে পরিচিত। কিন্তু গতকাল বিএম কলেজ এবং আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা উদ্বেগজনক। আমরা এখনো ছাত্রশিবিরের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলছি। তবে এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত হবে না, যাতে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়।”
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এর তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন। তারা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানান।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা, লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে ফজলুল হক অ্যাভিনিউ, সদর রোড হয়ে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









