গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। কথায় কথায় কাউকে দমক দেওয়া কিংবা গালিগালাজ করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।”
মহিলা শিশু ও সমাজ কল্যান মন্ত্রী বলেন, “আপনারা যারা কথায় কথায় দমক দেন, গালিগালাজ করেন, তাদের উদ্দেশে বলতে চাই—গালিগালাজ বাদ দিয়ে রাজনীতির ভাষায় কথা বলুন। মুখে বাজে কথা বলা বন্ধ করুন।”
ডা. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু সেই ধৈর্যের বাঁধ একবার ভেঙে গেলে জনগণ কী করতে পারে, তার প্রমাণ দেশবাসী ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রত্যক্ষ করেছে।”
তিনি বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ সময় তিনি নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে একটি সুন্দর, মানবিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদাউসুর রহমান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মোকবুলার রহমান গোর্কীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









