ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬আগস্ট) সকালে বগাজান কেন্দ্রীয় জামে মসজিদের পেছনের পরিত্যক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাঁর কথাবার্তা ও আচরণে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ ছিল বলে স্থানীয়দের ধারণা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, “আজ সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









