ময়মনসিংহের গৌরীপুরে বাসার পাশে বল খেলার সময় খালের পানিতে ডুবে তিন বছরের শিশু জুনাইদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ হিরনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে পূর্ব দাপুনিয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসার পাশে একা বল নিয়ে খেলছিল জুনাইদ। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত বাসাসংলগ্ন পানিভর্তি খালের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর জুনাইদকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে তার বলটি ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে খালের পানিতে নেমে প্রায় ৪০ মিনিট তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মুমূর্ষু অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষা শেষে জুনাইদকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একমাত্র শিশুর এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে এবং পুরো পূর্ব দাপুনিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









