পাবনা শহরের চক পৌলানপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ সিরাপসহ মো. তুষার (৩১) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া তুষার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পাবনা সদরের চক পৌলানপুর এলাকায় মাসুম আলমের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ডিবি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তুষার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসার খাটের নিচে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৭৮ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব নিষিদ্ধ মাদক সংগ্রহ করে পাবনার বিভিন্ন স্থানে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









