গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ৭ দফা দাবিতে নওগাঁয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট এ স্মারকলিপি তুলে দেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এলডিপির জেলা সাধারণ সম্পাদক শাহেন শাহ, জাগপার জেলা সদস্য সচিব আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিমসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প-কারখানা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের বারংবার মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং অসাধু সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে।
জনভোগান্তি নিরসনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা দাবিগুলো হলো:
১. গ্যাস সংকট নিরসনে জরুরি ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা।
২. লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা।
৪. ভূতুড়ে বিল আদায় বন্ধ ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত প্রতিকার দেওয়া।
৫. নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জোরালো বাজার তদারকি নিশ্চিত করা।
৬. বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
৭. জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর ও জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









