পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “খেলাধুলাই তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারে। গত ১৭ বছরে দেশে, বিশেষ করে এই অঞ্চলে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এমন কোনো গ্রাম নেই যেখানে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নেই। এই পরিস্থিতি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারেও ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার কন্যা জাইমা রহমান নারী ফুটবলের সঙ্গে যুক্ত এবং তাঁর ভাই কোকো রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
আওয়ামী লীগের সমালোচনা করে আলমগীর হোসেন বলেন, পতিত স্বৈরাচার দেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলেছিল। অথচ সিঙ্গাপুরে ১৯৭৩ সালেই মাদক সেবন ও বহনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছিল। তিনি দাবি করেন, বাংলাদেশেও তারেক রহমানের সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করেছে।
তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক কিশোর-তরুণই ভবিষ্যতে দেশ গঠনের মূল শক্তি। তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ এগিয়ে যাবে, আর বিপথে গেলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি তিনি দাবি করেন, তারেক রহমানের সরকার এসএসসি পাসের পর শিক্ষার্থীদের ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









