ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুরে মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠির তরুণ ও ছাত্রসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “ছাত্রসমাজকে মাদকমুক্ত থাকতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরো বেশি সময় দিতে হবে। খেলাধুলা যুবসমাজকে বিভ্রান্তিকর পথ থেকে দূরে রাখে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করে। এ সময় তিনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, তরুণদের খেলাধুলার মানসম্মত পরিবেশ তৈরিতে সরকারের পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদরাসার খেলার মাঠ সংস্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন এবং এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম। বক্তারা প্রধান অতিথির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









