‘রক্তে লেখা জুলাই, সবুজে গড়বো আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নিসচার জনসচেতনতামূলক কার্যক্রম প্রশংসনীয়। একই সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ. কে. এম. শফিউল আলম, হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, সংগঠনের পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা জানান, আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হবে। এর মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচি আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে নিসচার বিভিন্ন কার্যক্রমে সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









