নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাসান নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে হত্যাচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮:৩০ ঘটিকার সময় নলডাঙ্গা থানাধীন পেঁয়াজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিরা হলো, নাটোর জেলার নলডাঙ্গা থানার ধোপাপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. রিফাত (২০) এবং একই এলাকার মো. হানিফের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে ধরে উক্ত সময়ে আসামি রিফাত ও মাসুদ রানাসহ তাদের কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী হাসানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ওই সময় ঘটনাস্থলের নিকটেই নলডাঙ্গা থানা পুলিশের একটি নৈশ টহল দল অবস্থান করছিল। বিষয়টি দেখতে পেয়ে টহল পুলিশ দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থল থেকেই রিফাত ও মাসুদ রানাকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামি রিফাতের প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় ১টি দেশীয় চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানায়, এ ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত আসামিসহ তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









