প্রথম সন্তানের মা হয়েছেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। রবিবার সকালে তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।
২০২৪ সালে বিয়ের পর থেকেই সোহিনী ও শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। তবে নিজেদের সম্পর্ক কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালেই থেকেছেন এই দম্পতি।

গত জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের কয়েকটি ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। সেখানেই প্রথমবারের মতো তারা জানান, তাদের পরিবারে নতুন অতিথি আসতে যাচ্ছে।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও অভিনয় থেকে দূরে থাকেননি সোহিনী। বেশ কয়েকটি সিরিজ ও সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে স্বামীকে সঙ্গে নিয়ে বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।
সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে সোহিনী বলেছিলেন, ‘‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’’

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিওও শেয়ার করেছিলেন তিনি। এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন সোহিনীর অনুরাগীরা।
অবশেষে রবিবার সেই অপেক্ষার অবসান হলো। পুত্রসন্তানের মা-বাবা হলেন সোহিনী ও শোভন।
এদিকে মা হওয়ার খবর প্রকাশের পর সোহিনীর পুরোনো একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে আরজি কর-কাণ্ডের পর অভিনেত্রী বলেছিলেন, ‘‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’’

পরবর্তী সময়ে অবশ্য নিজের সেই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন সোহিনী। তিনি জানিয়েছিলেন, এমনটা মনে হয়েছিল ঠিকই, তবে সবসময়ই মা হওয়ার ইচ্ছা ছিল তার। সেই অনুযায়ী সঠিক সময়ের জন্য পরিকল্পনাও করেছিলেন।
সোহিনী বলেন, ‘‘আশা করছেন ভবিষ্যতে সবকিছু সামলে নিতে পারবেন।’’
তার ভাষায়, ‘‘যে সন্তান পৃথিবীতে আসবে, তাকে এমনভাবে মানুষ করার চেষ্টা করবেন, যাতে সে জীবনের নানা পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









