গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপণ্যের লাগামহীন দামবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, ঠাকুরগাঁও জেলা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে গ্যাসের অভাবে রান্না থেকে শুরু করে শিল্প-কারখানা সব জায়গায় স্থবিরতা নেমে এসেছে। অন্যদিকে দিনের পর দিন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত বিল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
তারা অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, বিদ্যুতের দাম ও ভূতুড়ে বিল প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









