প্রতিবন্ধী এক শিশুর চলার পথ সহজ করতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। দীর্ঘদিনের শারীরিক সীমাবদ্ধতায় চলাচলে ভোগান্তিতে থাকা শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিদনগর এলাকায় গিয়ে প্রতিবন্ধী শিশু মোহাম্মদ শামিমের হাতে হুইলচেয়ারটি তুলে দেন দীঘিনালা জোনের প্রতিনিধিরা। শামিমের বাবা আব্দুল কাইয়ুম ও মা শরিফা বেগম।
পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে শামিমের জন্য হুইলচেয়ার সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিনের স্বাভাবিক চলাফেরা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিষয়টি দীঘিনালা জোনের নজরে এলে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত শামিমের মা শরিফা বেগম বলেন, “আমাদের সামর্থ্য ছিল না ছেলের জন্য হুইলচেয়ার কেনার। সেনাবাহিনীর এই সহায়তায় এখন সে অনেক সহজে চলাফেরা করতে পারবে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারের কষ্ট লাঘব করে না, বরং সমাজে মানবিকতার বার্তাও পৌঁছে দেয়। তারা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









