শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক মো. জুয়েল মিয়ার ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ দিকে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (০৬ আগষ্ট) রাত ১০ টার দিকে জাজিরা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক জুয়েল মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বিকেলে জাজিরা উপজেলা মডেল মসজিদ মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মো. জুয়েল মিয়া। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে লক্ষ্য করে মারধর করে এবং ক্যামেরায় ভিডিও ধারণে বাধা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার বাদী সাংবাদিক জুয়েল মিয়া বলেন, “আমি সম্পূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছিলাম। জনস্বার্থে একটি ঘটনার ভিডিও ধারণ করছিলাম। এ সময় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









