বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘‘আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। বিগত সরকারের অপশাসনের শিকার আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা ভুলে যাওয়া যাবে না।’’
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে, গত পরশুদিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে পতিত সরকার। আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।’’
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









