পাবনার ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ চার দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় গত ৫ আগস্ট ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা নার্গিস পারভীন। জিডি নম্বর-২৯০।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার ফরিদপুর ইউনিয়নের হাংড়াগাড়ী গ্রামের মো. শাহিন হোসেন ও নার্গিস পারভীন দম্পতির ছেলে।
আব্দুল্লাহর মা নার্গিস পারভীন বলেন, ‘‘আমার ছেলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ যদি তার সন্ধান পান, তাহলে আমাদের বা নিকটস্থ থানায় জানালে চিরকৃতজ্ঞ থাকব।’’
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘‘নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ছেলেটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’’
এদিকে, চার দিন পেরিয়ে গেলেও আব্দুল্লাহর কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের উদ্বেগ আরও বাড়ছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছে পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









