গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার সাফিপুর ওয়ামী মাদ্রাসার সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পথচারীরা সড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান জানান, সাফিপুর ওয়ামী মাদ্রাসার সামনের সড়ক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরনে ছিল সাধারণ পোশাক।
তিনি আরও জানান, নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে লাশটি এনে সড়কের পাশে ফেলে যেতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি।
ওসি মোঃ জাফর আলী খান বলেন, দ্রুত নারীর পরিচয় শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে হাইওয়ে এলাকায় টহল জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









