সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৯ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, সকালে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে চালকদের মধ্যে একধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এটি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্লাইওভারে যেভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, ওসমানী ও তাজপুর সড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন ব্যবস্থা নেবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে চালকদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এত স্পিড নিয়ে মানুষ চলাফেরা করছে। মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমার মনে হয়, এ ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত।’
পরিদর্শনকালে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা করে এবং পঙ্গুত্ব বরণকারীদের তিন লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের চিকিৎসা ও সুস্থতার জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে।
এ সময় বিআরটিএর মাধ্যমে সহায়তার আবেদন ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রী জানান, চিকিৎসাধীন ব্যক্তিদের বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করবে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ফরম পূরণে প্রশাসনের মাধ্যমে সহায়তা করা হবে।
সিলেট-শেরপুর সড়কাংশে ঘন ঘন দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চার লেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের বিষয়ে আগ্রহী ছিলেন। এলাকার সংসদ সদস্য ও মন্ত্রীরাও এ বিষয়ে সংশ্লিষ্ট। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুত সংস্কারের কাজ শুরু করার তাগিদ দেন তিনি।
উল্লেখ, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ২৪ জন যাত্রী আহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









