নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে মারুফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিশু মারুফের মৃত্যুর পর তার বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের মতে মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন।
ফায়র সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









