মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় পারভেজ আলম খান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার সাভারের মধ্যরাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। পরভেজ আলম দায়েরকৃত সাইবার মামলার এজাহারনামীয় ২নং নম্বর আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম আসামী পারভেজের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সাভারের মধ্যরাজাশন এলাকায় অভিযান চালিয়ে ৮ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামের এক আসামীকে গ্রেপ্তার করেছিল ডিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









