পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সোহাগ হাওলাদার দক্ষিণ পাংগাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী মাদ্রাসা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাংগাশিয়া স-মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত সোহাগ জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের ভেতর টেনে-হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় এক অটোরিকশা চালক বাগানের ভেতর ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সোহাগকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহাগকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









