মহেশখালী জেটিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনস্বার্থবিরোধী টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার, পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে বৈষম্যহীনভাবে টোল আদায় এবং অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকালে মহেশখালী জেটিঘাট চত্বরে ‘মহেশখালী নাগরিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন কক্সবাজার সিটি কলেজের নবনিযুক্ত প্রভাষক রুহুল আমিন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক মির্জা তারেক, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বাশার পারভেজ, সাংবাদিক জাহেদ সরওয়ার, দক্ষিণ ছাত্রসেনা নেতা আমির হোসেন, সাংবাদিক এস এম রুবেল, নুরুল আবছার, ব্যাংকার মাহাবুব আলমসহ স্থানীয় ছাত্র-যুবসমাজের প্রতিনিধিরা। এ সময় জেটিঘাটে আগত কয়েকজন পর্যটকও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জেটিঘাটে টোল আদায়ের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি টোল আদায়ের নামে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। তারা টোল আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সভার শেষ পর্যায়ে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ফোনে সভায় যুক্ত হয়ে জানান, আজ থেকে মহেশখালী জেটিঘাটে টোল ৫ টাকা করে নেওয়া হবে। নির্ধারিত টোলের অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ ও টোল আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ ঘোষণার পর উপস্থিত স্থানীয় বাসিন্দা, ছাত্র-যুবসমাজ ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









