যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন যুগ্ম সচিব। রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের অবকাঠামো এবং চিকিৎসাসেবা দিতে গিয়ে সংশ্লিষ্টদের কী ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, সে বিষয়েও তিনি খোঁজ নেন।
যশোর জেনারেল হাসপাতাল শুধু জেলার মানুষের চিকিৎসার ওপর নির্ভরশীল নয়। যশোরের পাশাপাশি মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রত্যন্ত এলাকা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে ছয় জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালটিতে রোগীর চাপও তুলনামূলকভাবে বেশি।
পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, এই হাসপাতালটি শুধু যশোর জেলার নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষেরও চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই এখানে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে অন্যত্র যেতে বাধ্য না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের ব্যয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসব ইউনিটের অবকাঠামো, নির্মাণ ব্যয় এবং চিকিৎসাসেবার সক্ষমতা নিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগসহ জটিল রোগীদের চিকিৎসার জন্য সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশোরের পাশাপাশি আশপাশের জেলার রোগীরাও এ হাসপাতালে চিকিৎসা নিতে আসায় এসব বিশেষায়িত চিকিৎসাসেবা কার্যকরভাবে চালু ও সম্প্রসারণ করা গেলে রোগীদের ঢাকাসহ দূরের বড় শহরে যেতে হওয়ার চাপ কমবে।
এ সময় হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন যুগ্ম সচিব। চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা পরিচালনা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন তিনি।
পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মারুফ হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত, ডা. আহসান কবির বাপ্পী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









