পাবনার সাঁথিয়ায় নাশকতার প্রস্তুতি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। শনিবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাঁথিয়া পৌরসভার চোমরপুর কলেজ মাঠে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন।
পুলিশের দাবি, তারা নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে সাঁথিয়া-সিএন্ডবি সড়কের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে বোয়াইলমারী কবরস্থানসংলগ্ন তিন রাস্তার মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা বিভিন্ন যানবাহনে উঠে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি হাঁসুয়া, সাতটি লোহার রড, দুটি লোহার পাইপ, ১৭টি বাঁশের লাঠি এবং একটি ব্যাগে রাখা ৪০টি ইটের টুকরা উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় সাঁথিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন জয়, সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু এবং সাঁথিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সেলিম হোসেন।
আসামিপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার পর আসামিরা পলাতক রয়েছেন।
সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সেখানে জড়ো হয়েছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









