সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে শ্রমজীবী নারী সমাজের সংগঠন ‘শ্রজীনাস’এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প, বিউটি ও গ্রুমিং, হোমমেড উদ্যোগ, সৃজনশীল কাজ এবং তরুণ উদ্যোক্তা; এই পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন নারী উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। শুরুতে শহরের শেখ ইসমত জাহান স্কুল থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কেকে কেটে রজতজয়ন্তী পালন ও অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নারী উদ্যোক্তা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। উপস্থিত ছিলেন শ্রজীনাসের উপদেষ্টা এম এ পারভেজ লিটন। সংগঠনের সভাপতি ফেরদৌসি বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব এতে শ্রজীনাস এর অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহরের সুধীজনরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কোহিনুর লিপি ও জান্নাতুন নাঈম (রূমা)।
অনুষ্ঠানের নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়া ও নিজ হাতে তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্প, বিউটি ও গ্রুমিং, হোমমেড উদ্যোক্তা, সৃজনশীল কাজ এবং তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে নির্বাচিত নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রজীনাসের নবীন সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী ও নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে বিভিন্ন করণীয় তুলে ধরেন। নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভশীলতা অর্জন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং তাদের তৈরি পণ্য ও সৃজনশীল কাজের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে শ্রজীনাসের প্রতিষ্ঠাতা মরহুমা সাইমা সারোয়ারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর অবদান ও সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য বিলকিস ইসলাম নারীদের স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীদের নিজেদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে। নারী উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা ও উৎসাহ দেওয়া হলে তারা পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
শ্রজীনাসের সাধারণ সম্পাদক কোহিনুর লিপি বলেন, ২৫ বছরের পথচলায় শ্রজীনাস শ্রমজীবী ও সৃজনশীল নারীদের একত্রিত করে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে আসছে। নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিজ হাতে তৈরি কুটিরশিল্প, হোমমেড ফুড, হোমমেড কারুশিল্পসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তা রয়েছেন এখানে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭০ জনের বেশি।
সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় উপস্থিত অতিথি, সংগঠনের সদস্য ও দর্শনার্থীরা রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









