সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকার একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) রাতে ফাহিম মেডিকেল হল নামের ওই ফার্মেসিতে ঢুকে চোরেরা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ওষুধ ও নগদ ২ হাজার টাকা নিয়ে গেছে।
ফার্মেসির মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এম ইকবাল মিয়া (২৪) জানান, শনিবার রাত ১০টার দিকে ফার্মেসির সাটারে তালা লাগিয়ে তিনি উপজেলা সদরের ফাতেমা নগরের নিজ বাসায় চলে যান। পরদিন রবিবার সকাল ৯টার দিকে ফার্মেসি খুলে ভেতরে মালামাল এলোমেলো দেখতে পান। এ সময় পেছনের অংশের টিনের ছাউনির একটি টিন খোলা এবং ক্যাশ বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।
ইকবাল মিয়া বলেন, চোরেরা ফার্মেসি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ওষুধ ও ক্যাশ বাক্সে থাকা ২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









