বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও চার জন।
রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে গাড়িটি পার্কিং করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে।
আহতরা হলেন ভ্যানের যাত্রী সুরমা বেগম (৩৫), তানভীর (১৩), মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি গাড়ি রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে পৌঁছে পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীসহ ভ্যান ও একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ভ্যানচালকসহ পাঁচজন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হানিফকে মৃত ঘোষণা করেন।
অটোরিকশা চালক সোহেল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ঐ গাড়িটি রাস্তায় থাকা একের পর এক ভ্যান ও অটোরিকশাকে চাপা দিতে থাকে। সে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবনী জানান, একজন বৃদ্ধকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আহত চারজনের মারাত্মক ইনজুরি থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









