আগস্ট মাসের জন্য জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও দাম বাড়ানো হয়।
এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।
জুন মাসে আবারও দাম কমানো হয়। ওই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। অর্থাৎ সে সময় লিটারপ্রতি দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









