নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রবিবার ( ৯ আগস্ট ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান।
সভায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।”
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরির দাবি জানান। তিনি বলেন, “এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা।”
সভায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “মেঘনা থেকে বা বিভিন্ন নদী থেকে যে বালুর ভলগেটগুলো প্রবেশের আগেই তাদের চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কীভাবে দেয় জানি না। এর সঙ্গে বিআইডব্লিউটিএ জড়িত।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









