ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বরিশাল উজিরপুর উপজেলার সানুহার-সাতলা সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগাহ বাজার সংলগ্ন সড়কে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সড়ক অবরোধ। এ সময় সানুহার-সাতলা সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির সানুহার থেকে ধামুরা অংশ এখন বড় বড় গর্ত আর কাদায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই পথচলা অসাধ্য হয়ে পড়ে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। বেহাল দশার কারণে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে গিয়ে সময় ও বাড়তি অর্থ—দুটোই অপচয় হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা প্রতিদিন বাড়ছে। এ ছাড়া সড়কটির পাশে ঐতিহ্যবাহী ঈদগাহ মার্কেটের শত শত ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন।
সড়কের এই জটিলতা প্রসঙ্গে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান, পূর্বে সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করতে অনিচ্ছা প্রকাশ করায় প্রক্রিয়াটি আটকে যায়। পরবর্তীতে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে এবং দ্রুতই কাজ শুরু হবে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, সকল প্রশাসনিক প্রক্রিয়া গুছিয়ে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সড়কটির সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









