নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে ১০৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার তারাব উত্তরপাড়া এবং রোববার দিবাগত রাতে তারাবো বাজার এলাকায় অভিযান দুটি চালানো হয়।
র্যাব-১ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারাব উত্তরপাড়ায় মোতাহার মোল্লার (৫১) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার পাশাপাশি একটি মুঠোফোন ও ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।
অন্যদিকে, রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ফারুক মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তিনি রূপগঞ্জের তারাবো ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দুই ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক সরবরাহ ও বিক্রির উৎস বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









