কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবুল কালাম (২৩) নামে এক স্থানীয় বাসিন্দার অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) দুপুরে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার ক্যাম্প-৬-এর সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ক্যাম্প-১৮-এর এইচ/৫৬ ব্লকের বাসিন্দা সৈয়দ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্প-৬-এর সিআইসি কার্যালয় চত্বরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত একটি লোহার পাইপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত স্থানীয় বাসিন্দা আবুল কালামকে তাৎক্ষণিকভাবে ক্যাম্প-৬-এর ফিটকালা বাজার এলাকার একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত অপর দুই রোহিঙ্গা হলেন ক্যাম্প-৮-এর বি/১৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রশিদ (২২) এবং ক্যাম্প-১-এর এ/৫ ব্লকের বাসিন্দা মো. জুনাইদ (২২)।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরিফ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









