বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২৩)। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
আরাফাতের অকাল মৃত্যুর সংবাদ রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। খবর ছড়িয়ে পড়ার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন এবং উপাচার্যের (ভিসি) কার্যালয় অবরুদ্ধ করেন। একই সাথে ঘাতক বাসের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ক্যাম্পাসের সামনে ঢাকা-কুয়াকাটা ও বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেন তাঁরা।
উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ইয়াসিন আরাফাত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









