বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহেই উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
ডেডলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর আমেরিকার বক্স অফিসে মাত্র সাত দিনেই ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে দ্রুততম সময়ে এই অঙ্কের আয় করা সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে এটি।
এর আগে এই রেকর্ড ছিল মার্ভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। ২০১৯ সালে মুক্তির পর সিনেমাটি উত্তর আমেরিকায় ৫০০ মিলিয়ন ডলার আয় করতে সময় নিয়েছিল আট দিন। এবার এক দিন কম সময়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করা ২৩তম সিনেমা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। সিনেমাটির উত্তর আমেরিকায় মোট আয় ৯৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার।
এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়েই হোম’ উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে ১২ দিন সময় নিয়েছিল। সে তুলনায় নতুন সিনেমাটির সাত দিনের অর্জনকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ডেডলাইনের তথ্য অনুযায়ী, বুধবার এক দিনেই উত্তর আমেরিকায় সিনেমাটি ৩২ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে। নন-ওপেনিং সিনেমা হিসেবে কোনো বুধবারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আয়। ৩৮ মিলিয়ন ডলার আয় করে এই তালিকার শীর্ষে রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।
সপ্তাহের শেষদিকে উত্তর আমেরিকায় সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মোট আয় আনুমানিক ৫০৮ দশমিক ৮ মিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
প্রিমিয়াম বড় পর্দা ও আইম্যাক্সে প্রদর্শনী যুক্ত হওয়ায় সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে চলতি বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর অবস্থান আরও শক্ত হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









