চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। এ বছর বোর্ডটিতে ৬০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ।
তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর বরিশাল বোর্ডে মোট ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩ হাজার ১১৪ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ কমেছে ৩৩৬টি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলসংক্রান্ত তথ্য প্রকাশের সময় এসব তথ্য জানান বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৮২ হাজার ৯০১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৫৫৫ জন।
এবার পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের অধীনে কেন্দ্র ছিল ২১৬টি।
বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম বলেন, গত বছরের তুলনায় এবার এসএসসিতে বরিশাল বোর্ডের পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ফলাফলের সার্বিক চিত্র বিশ্লেষণ করে শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ফল প্রকাশের পর পাসের হার বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেও জিপিএ-৫ কমে যাওয়ায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে ফলাফল বিশ্লেষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









