রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের আয়োজনে রম্য বিতর্কের মোশনে 'মব জাস্টিস ও বিচারহীনতা' থাকায় সহযোগিতা বন্ধের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্করের বিরুদ্ধে।
অভিযোগকারী শহীদ জিয়াউর রহমান হল সংসদের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহ-সম্পাদক বাঁধন বিশ্বাস জানান, রম্য বিতর্কের মোশনে থাকা ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ বিষয়টি পরিবর্তনের জন্য রাকসুর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়। এর পরিবর্তে ‘বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহার’ করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি।
রম্য বিতর্কের মূল মোশন—‘সমস্যার দুনিয়ায় আমিই সেরা; তাই দেশের স্বার্থেই আমাকে বিদায় দেওয়া চলবে না!’ এর আওতায় ৬ জন বক্তা বেকারত্ব ও ভঙ্গুর শিক্ষাব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতি, জ্বালানি ও যানজট, খাদ্য ভেজাল, গুজব ও সাইবার বুলিং, বিচারহীনতা ও মব জাস্টিস, অন্ধ রাজনীতি, মাদক ও চাঁদাবাজি নিয়ে তর্ক করবেন।
বাঁধন বিশ্বাস বলেন, রাকসুর বিতর্ক ও সাহিত্য বিভাগ প্রথমে এ আয়োজনের জন্য আর্থিক সহযোগিতার কথা বলেছিল। তবে মোশন দেখার পর কয়েকটি বিষয়ে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। তা গ্রহণ না করায় রাকসুর সহযোগিতা ছাড়াই হল সংসদের সহযোগিতায় আয়োজনটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, বিতর্ক একটি স্বতন্ত্র সত্তা। বিতর্ক মানুষকে নির্ভীকভাবে সত্য ও বাস্তবতার কথা বলার সাহস তৈরি করে। তাই কোনো চাপের কারণে মোশন পরিবর্তন করা হবে না।
অন্যদিকে রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেন, রাকসুর সহযোগিতায় বিতর্ক আয়োজনের নির্দিষ্ট নিয়ম ও নীতি রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে—এমন বিষয়ে বিতর্ক আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্তও রয়েছে।
তিনি বলেন, জিয়া হল সংসদ আমাদের সঙ্গে চূড়ান্ত কথা না বলেই রম্য বিতর্কের ব্যানার ও পোস্টার করেছে। সেখানে কয়েকটি বিষয়ে সংশোধনী এবং জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক কিছু টপিক সংযোজন করতে বলেছিলাম। তারা তা মেনে নেয়নি। তাই রাকসুর বিতর্ক ও সাহিত্য বিভাগকে তাদের বিতর্কের ব্যানারে না জড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









