সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড় ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা রয়েছেন।
নিহতরা হলেন— উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান শুভ (২৭), বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪); কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহন প্রামানিক, সুমন প্রামানিক, রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫); পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮) এবং উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের খোরদাম শহরের সোফা কারখানায় আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে সেখানে কর্মরত বাংলাদেশিরা আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের গ্রামে ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আগুনে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় ও লাশ দেশের আনার প্রক্রিয়াসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









