দেশে ক্ষমতার লোভ, দখলদারিত্ব ও অন্যায়-অবিচার বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ‘‘বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদী, সন্ত্রাসী কিংবা দখলদারকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।’’
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঘাটায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে।
নিহত কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘‘সন্ত্রাসী হামলায় জামায়াতের দুই কর্মী নিহত হয়ে তাদের বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ এখানে এসে আমি সেই বেদনাবিধুর ঘটনার সাক্ষী হয়েছি। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। কোনো পরিবার যেন স্বজন হারানোর বেদনায় না কাদে—সেটাই আমাদের লক্ষ্য।’’
একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘‘আমরা এমন একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবে।’’
দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও সম্পদের সুরক্ষার বিষয়ে ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দেশের সম্পদ লুটপাট করে জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ব্যাংকসহ সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ লুটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি অন্যায়, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভায় বক্তারা সাঘাটায় সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সাধন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









