এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে রয়েছে বগুড়া। বোর্ডের অধীন আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে বগুড়া জেলা।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।
পাসের হারের দিক থেকে বগুড়ার পরেই রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।
নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।
অন্যদিকে পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম—৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও বগুড়া অন্য সাত জেলার চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে। বগুড়ায় ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে এ সংখ্যা ২ হাজার ৯৪৯। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার তুলনায় বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।
ফলাফল বিশ্লেষণে আরো দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবার শুধু বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের বেশি। বিপরীতে সিরাজগঞ্জে পাসের হার নেমে গেছে ৬০ শতাংশের নিচে।
ফলে পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই রাজশাহী শিক্ষা বোর্ডে এবার বগুড়ার শিক্ষার্থীদের সাফল্য সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









