পাবনায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন আহত হওয়ার ঘটনায় জনমনে আতঙ্কের মধ্যে এবার পৌর এলাকায় কুকুরকে এন্টি-রেবিস (জলাতঙ্ক) টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে পাবনা রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবনা পৌরসভার বাস্তবায়নে এবং সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার মো. আশরাফসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, কুকুরকে এন্টি-রেবিস টিকার আওতায় আনার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব। প্রাণঘাতী এ রোগ প্রতিরোধে আক্রান্ত বা সন্দেহভাজন কুকুরের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ।
গত কয়েক দিনে পাবনা পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশুদেরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। একের পর এক এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে শিশুদের বাইরে চলাচল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা।
এ পরিস্থিতিতে কুকুরকে টিকার আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিত টিকাদান ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কুকুরের কামড়ের ঘটনা এবং জলাতঙ্কের ঝুঁকি কমবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু টিকাদান নয়, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা নেওয়া এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও জনসচেতনতা বাড়ানো জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









