সুনামগঞ্জের দিরাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার অর্ধেকেরও কম। এ বছর উপজেলায় মোট ২ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পাস করেছে। ফলে উপজেলায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৬২ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মোট ৩৯ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, দিরাই উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে দেখা যায়, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৮২ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭১ জন পাস করেছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে। এর মধ্যে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন এবং ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে, দিরাই উপজেলার এবারের এসএসসি ফলাফল নিয়ে হতাশ না হয়ে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
তিনি এদিনকে বলেন, ‘‘এটা কাঙ্ক্ষিত রেজাল্ট নয়। তবে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। অনেকদিন যাবৎ অটোপাস ও নৈতিক অবক্ষয়ের কারণে আমরা নিজেদের উদ্দেশ্যে ফলাফলকে প্রভাবিত করছি। যার কারণে প্রকৃত শিক্ষা ব্যাহত হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘হতাশ না হয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এডহক কমিটি ও সচেতন নাগরিকদের নিয়ে একযোগে কাজ করলে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারব।’’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিরাই উপজেলায় মোট পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









