নারায়ণগঞ্জ জেলায় এবার এসএসসি পরীক্ষার্থীর উত্তীর্ণের (পাস) হার বেড়েছে কিন্তু কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় এ বছর ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৩ জন।
গতবছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৬২ জন। তবে, পাসের হার ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৭ হাজার ৮২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন সদর উপজেলার- ৮১২ জন। এছাড়া, রূপগঞ্জে ২৪৬ জন, সোনারগাঁয়ে ১৩০ জন, আড়াইহাজারে ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সদরে বেশি হলেও উত্তীর্ণের হার রূপগঞ্জ উপজেলায় বেশি- ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সদরে ৭১ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া, সোনারগাঁয়ে ৭২ দশমিক ৭৬ শতাংশ, বন্দরে ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং আড়াইহাজারে সবচেয়ে কম ৬৪ দশমিক ১৬ শতাংশ উত্তীর্ণের হার।
এ বছর দাখিল পরীক্ষায় ৩ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ২ হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৩১ শতাংশ।
২০২৫ সালে ৯২ জন দাখিল পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯১ জন।
এসএসপি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৭৮৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৫ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন পরীক্ষার্থী।
২০২৫ সালে এসএসসি’তে (ভোকেশনাল) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। উত্তীর্ণের হারও ছিল ৮৪ দশমিক ৮১ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









